কেন বিয়ে করলেন না টাবু

কেন বিয়ে করলেন না টাবু

৫২-তে এসে এখনও কেন বিয়ে করলেন না এই অভিনেত্রী, বিভিন্ন সময় ঘুরেফিরে এসেছে প্রশ্নটি। তবে কখনই এর সদুত্তর মেলেনি। বিভিন্ন সময় নানা গুঞ্জনও শোনা গেছে। কখনও অজয় দেবগন কিংবা কখনও নার্গাজুন। একবার তার নাম জড়িয়েছিল প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে।

‘চাঁদনি বার’ থেকে ‘হায়দর’- সব সিনেমাতেই নিজের পরিচয় মেলে ধরেছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারেও হয়েছেন সফল। তবে সবকিছু ছাপিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কখনই সেভাবে মুখ খোলেননি টাবু। ৯০ দশকের বিখ্যাত সিনেমা ‘বিজয়পথ’-এ নায়ক ছিলেন অজয়, নায়িকা টাবু। বেশ জনপ্রিয়তা পায় তাদের সেই সিনেমা। জুটি হিসেবে দর্শক তাদের বেশ পছন্দ করেন। অজয়-টাবুকে ফের একসঙ্গে দেখা যাবে ‘দৃশ্যম ২’ সিনেমায়। সামনেই মুক্তি পাবে সিনেমাটি।

সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে নাকি খুব বেশি দিন স্থায়ী হয়নি সম্পর্ক। তার ঠিক পরেই যে অভিনেতার সঙ্গে টাবু সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে, তিনি হলেন নার্গাজুন। তার সঙ্গে টাবুর সম্পর্ক নিয়ে বেশ উত্তাল ছিল দক্ষিণী সিনেমাপাড়া। প্রায় ১০ বছর বেশি সময় ধরে একে অপরের সঙ্গে ছিলেন বলে গুঞ্জন আছে। একটা দীর্ঘ সময় কেটে যাওয়ার পর টাবু বুঝতে পারেন, নার্গাজুন তার স্ত্রীকে ছেড়ে নতুন কোন স্থায়ী সম্পর্কে জড়াবেন না। ফলস্বরূপ মৃত্যু হয় সেই সম্পর্কেরও।

তবে ২০১৭ সালে ‘মুম্বাই মিরর’কে দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলে টাবু বলেছিলেন, আমি আর অজয় একে-অপরকে প্রায় ২৫ বছর ধরে চিনি। ও আমার ছোটবেলার বন্ধু। আমার বেড়ে ওঠার সঙ্গীও ছিল। যখন আমি ছোট ছিলাম, সমীর আর অজয় আমার ওপর গোয়েন্দাগিরি করতো। আমার সবকিছুতে নজর রাখত। আর ছেলেদের ভয় দেখাত যাতে তারা আমার সঙ্গে প্রেম না করে। আমার সঙ্গে কথা বললে মারধর করার হুমকি দিত। আর এই কারণেই আমার এখনো বিয়ে হয়নি।