পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন শেষবার ঢাকায় এসেছিলেন ২০০৯ সালের অক্টোবর মাসে। সে সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গান পরিবেশনে বাধা পেয়ে কলকাতায় ফিরে গিয়েছিলেন। সেই অভিমান চেপে রেখে এক যুগ কেটে গেলেও আর ঢাকায় আসেননি। মাঝে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশে আর কখনো আসবেন না। তাঁর সে দীর্ঘ অভিমান এবার ভেঙেছে, আগামী অক্টোবরে ঢাকায় আসছেন তিনি।
কবীর সুমন জানান, ‘১৩ বছর পর ঢাকায় আমি গান করতে আসছি।’ মাঝে এক যুগ না আসার কারণ হিসেবে অনেকে অভিমান সামনে আনলেও কবীর সুমন বলছেন, গত এক যুগে তাঁকে বাংলাদেশে আসার আমন্ত্রণই করা হয়নি।
১৫ অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্যাপন’ শিরোনামে আলাদা আলাদা তিনটি আয়োজনে গান পরিবেশন করবেন কবীর সুমন। এর মধ্যে ১৫ অক্টোবর তিনি গাইবেন আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল এবং ২১ অক্টোবর আবার আধুনিক গান নিয়ে দর্শকদের সামনে মঞ্চে গা্ইবেন।
অনুষ্ঠানের আয়োজকেরা ইতোমধ্যে সরকারি অনুমতি পাওয়ার জন্য আমরা আবেদন করেছেন এবং আশা করছেন শিগগিরই অনুমতি পেয়ে যাবেন। দর্শনীর বিনিময়ে টিকিট কেটে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শকেরা। টিকিটের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।
১৯৯২ সালে ‘তোমাকে চাই’ নামের একটি গানের অ্যালবাম করে জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবীর সুমন। জীবনমুখী বাংলা গানের প্রবর্তক হিসেবে তাঁকেই গ্রহণ করে বাঙালি সংগীতানুরাগীরা। গ্রহণ করেছেন দুই বাংলার শ্রোতারা। সেই থেকে এখনো অব্যাহত তাঁর সংগীতের চলার পথ। একসময় স্থানীয় রাজনীতিতে সক্রিয় হন। নন্দীগ্রাম আর সিঙ্গুর আন্দোলনে দাঁড়িয়েছিলেন মমতার পাশে।
তারপর যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে সংসদ সদস্য হন। কিন্তু বনিবনা না হওয়ায় পরে তৃণমূল ছাড়েন। তাঁর জন্ম ভারতের ওডিশায়, ১৯৪৯ সালের ১৬ মার্চ।

