বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা জ্যঁ লুক গদার মারা গেছেন। গতকাল মঙ্গলবার ৯১ বছর বয়সী এ নির্মাতার মৃত্যু হয়েছে বলে ফ্রান্সের দৈনিক লিবারেশন জানিয়েছে। গদারকে ফ্রান্সের নতুন ধারার চলচ্চিত্রের পথিকৃৎ হিসেবে বিবেচনা করেন সারাবিশ্বের চলচ্চিত্র সমালোচকেরা।
চলচ্চিত্রে তাঁর আবির্ভাব ঘটে ষাটের দশকে। ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘ব্রেথলেস’ নির্মাণ করে সারাবিশ্ব জুড়ে হইচই ফেলে দিয়েছিলেন জ্যঁ লুক গদার। সিনেমা নির্মাণের প্রচলিত রীতি ভেঙে নতুন ভাষা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এ চলচ্চিত্র নির্মাতা। সাত দশকের ক্যারিয়ারে দর্শকদের ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’, ‘মেড ইন ইউএসএ’র মতো কালজয়ী সিনেমা উপহার দিয়ে গেছেন।
১৯৩০ সালে ফ্রান্সের প্যারিসে জন্ম নেওয়া জ্যঁ লুক গদারের শৈশব কেটেছে নিজ শহরে। মাঝে শৈশবের কিছুদিন সুইজারল্যান্ডে কাটিয়ে আবার প্যারিসে ফিরে আসেন। স্কুলের পড়াশোনা শেষ করেন। শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা ছিল তাঁর। তবে পরবর্তী সময়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হন। তারুণ বয়সে চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন সাময়িকীতে নিয়মিত লেখালেখি করেছেন। গতবছর এক সাক্ষাৎকারে সিনেমা থেকে ছুটি নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন জ্যঁ লুক গদার।
২০১০ সালে একাডেমি অ্যাওয়ার্ডে সম্মানসূচক পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় তাঁকে। ২০১৮ সালে তাঁর সিনেমা ‘ইমেজ বুক’ কান চলচ্চিত্র উৎসবে স্পেশাল পাম দ’র পেয়েছে। ২০১৪ সালে তাঁর সিনেমা ‘গুডবাই’ কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পায়।
তাঁর মৃত্যুতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। জ্যঁ লুক গদারকে “নিউ ওয়েভ চলচ্চিত্র নির্মাতাদের আইকনোক্লাস্টিক” বলে অভিহিত করে বলেছেন, ফ্রান্স একজন জাতীয় সম্পদ হারিয়েছে।
খবরটি ছড়িয়ে পড়ার পরপরই ফ্রান্স ইনফো রেডিওতে কথা বলতে গিয়ে, ফ্রান্সের প্রাক্তন সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং গদারকে সিনেমা অভিহিত করে বলেন, “জ্যঁ লুক গদার অনন্য, একেবারে অনন্য… তিনি শুধু সিনেমাই ছিলেন না, তিনি ছিলেন দর্শন, কবিতা।”
কান চলচ্চিত্র উৎসবের সাবেক সভাপতি গিলেস জ্যাকব গতকাল একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের শ্রদ্ধাঞ্জলিতে জ্যঁ লুক গদারকে “সিনেমার পিকাসো” হিসাবে বর্ণনা করেছেন।
ফ্রান্সের ন্যাশনাল সিনেমা সেন্টারের প্রেসিডেন্ট ডমিনিক বুটোনাট এক বিবৃতিতে জ্যঁ লুক গদারকে “বিশ্ব চলচ্চিত্রের অনন্য ব্যক্তিত্ব, একজন অসাধারণ শিল্পী এবং একজন আন্দোলিত করার মতো প্রতিভা” বলে অভিহিত করেছেন।
বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল গদারের মৃত্যুতে শোক প্রকাশ করছে। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক মেরিয়েট রিসেনবেক এবং কার্লো চ্যাট্রিয়ান উল্লেখ করেছেন “জ্যঁ লুক গদার ষাটের দশকে সিনেমাকে নিজের মত করে আকৃতি দিয়েছিল। তারপর থেকে ধারাবাহিকভাবে সিনেমাকে পুনর্নবীকরণ করেছে এবং তাঁর ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে প্রসারিত করেছে”। “এখন পর্যন্ত, জ্যঁ লুক গদার বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করে।”

